গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯.৮২ শতাংশ, মৃত্যু ৫
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের পরিচালক অসিত মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৯৩ জন ভর্তি ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৫৩ জন, বাকিদের করোনার উপসর্গ রয়েছে।’
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২২৯টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৯ দশমিক ৮২। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে। মোট মারা গেছেন ৬৭ জন।