চট্টগ্রামে আজ মৃত্যু ৪, শনাক্তের হার ৩৭.৩৯ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করে ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৬৫ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আজ বুধবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে একজনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার তিন জন, বাঁশখালীর দুই জন, আনোয়ারার ১০ জন, চন্দনাইশের এক জন, পটিয়ার ১৪ জন, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১৯, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ১৮, সীতাকুণ্ডের ৩২, মীরসরাইয়ের ২৪ জন ও একজন সন্দীপ উপজেলার বাসিন্দা।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৬২ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকা ৪৮ হাজার ২৯৫ ও ১৩ হাজার ৯০৫ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৪৮৪ ও উপজেলা পর্যায়ের ২৫১ জনসহ মোট ৭৩৫ জন মারা গেছেন।