চট্টগ্রামে পরীক্ষা বিবেচনায় প্রতি ৩ জনে ১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন চার জন। নগরীর বিভিন্ন ল্যাবে এক হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করে ৪২১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ১৭ শতাংশ।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের মার্চ মাসে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘণ্টার পরীক্ষা বিবেচনায় প্রতি তিন জনে একজনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, নতুন শনাক্তসহ জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৭৩৭ জন। ৪৬ হাজার ৫৪৭ জন নগরীর ও ১৩ হাজার ১৯০ জন ১৫টি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত মোট ৭১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭৯ জন চট্টগ্রাম মহানগরের ও ২৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।