চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ২৯.৩২ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩২ শতাংশ। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে একজনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার সাত জন, বাঁশখালীর চার জন, আনোয়ারার ছয় জন, চান্দনাইশের একজন, পটিয়ার ২১ জন, বোয়ালখালীর চার জন, রাঙ্গুনিয়ার ২৫ জন, রাউজানের ৬৫, ফটিকছড়ির ১০, হাটহাজারীর ৮০ জন, সীতাকুণ্ডের ১৯, মীরসরাইয়ের নয় জন ও একজন সন্দীপ উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯১ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৭ হাজার ৮৯৪ ও ২৪ হাজার ০১৩ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৬৩১ ও উপজেলা পর্যায়ের ৪৫১ জনসহ মোট এক হাজার ৮২ জন মারা গেছেন।