চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্তের হার কমে ৩১.৬২ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৬৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আজ শনিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে একজনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার একজন, পটিয়ার দুই জন, বোয়ালখালীর ১০ জন, রাঙ্গুনিয়ার ১৯, রাউজানের ২৮, ফটিকছড়ির ২০, হাটহাজারীর ২০, সীতাকুণ্ডের ২৬, মীরসরাইয়ের ৩৬ জন ও চার জন সন্দীপ উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকা ৪৯ হাজার ৭১৮ ও ১৪ হাজার ৫৮১ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৪৯০ ও উপজেলা পর্যায়ের ২৬৭ জনসহ মোট ৭৫৭ জন মারা গেছেন।