চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্তের হার ২৫.১১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও সংক্রমণের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন আক্রান্ত ছিলেন। নয় জনের করোনা উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৩৮টি নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। নতুন শনাক্ত ১১০ জন রোগীর মধ্যে ৬০ জনের বাড়ি সদর উপজেলায়, আলমডাঙ্গার ২৫ জন, দামুড়হুদার ১৬ জন ও নয় জন জীবননগর উপজেলার বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৬৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে ১৩২ জনের বাড়ি চুয়াডাঙ্গায়।