চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, করোনা শনাক্তের হার ৩৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্য হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই সময়ে ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিচেনায় শনাক্তের হার ৩৭ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৭৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৩৫ জন, দামুড়হগুদা উপজেলার ৩১ জন ও ৪৮ জন জীবননগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে চার হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮৫ জন। মারা গেছেন ১২৫ জন।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে আছেন ১৩২ জন। হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৬২১ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী ইয়ালো জোনে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।