চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ৩৬ শতাংশ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা তিন হাজার ৯৪৫ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত রোগীদের মধ্যে সদর উপজেলায় বাড়ি ৪৪ জনের। এ ছাড়া, আলমডাঙ্গা উপজেলার ২১ জন, দামুড়হুদা উপজেলার ১৮ ও ৫৭ জন জীবননগর উপজেলার বাসিন্দা।
ডা. এএসএম মারুফ হাসান আরও জানান, গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। এ পর্যন্ত মারা গেছেন ১১৭ জন। জেলায় বর্তমানে হাসপাতালে আইসোলেশনে আছেন ১৩৮ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৩৪১ জন। এ ছাড়া, উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী ভর্তি রয়েছেন।