চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, করোনা শনাক্তের হার ৩২.৮৩ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ডা. মারুফ হাসান আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৫টি নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে চার হাজার ৩৯৯ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত জন। জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯২ জন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া নয় জনের মধ্যে তিন জনের বাড়ি সদর উপজেলায়, জীবননগরের একজন, দামুড়হুদার তিন জন ও দুই জন আলমডাঙ্গার বাসিন্দা। অন্যদিকে নতুন শনাক্ত রোগীর মধ্যে সদরে উপজেলার ৬০ জন, আলমডাঙ্গার ৩২ জন, দামুড়হুদার ১৮ জন ও ২৩ জনের বাড়ি জীবননগর উপজেলায়।