ঝিনাইদহে আজ মৃত্যু ১১, শনাক্ত ৩৪.১৩ শতাংশ
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত পাঁচ জন ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। এ ছাড়া, বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শৈলকুপা উপজেলায় করোনায় আক্রান্ত একজন ও হরিণাকুণ্ডুতে একজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় বাড়ি ৬১ জনের। শৈলকুপা উপজেলার ২০ জন, হরিণাকুণ্ডু ১৯, কালীগঞ্জের ২৪, কোটচাঁদপুরের ২৩ ও মহেশপুর উপজেলার নয় জন রোগী রয়েছেন— বলেন ডা. সেলিনা।