ঝিনাইদহে আজ মৃত্যু ৮, করোনা শনাক্তের হার ৩৮.৬৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত ১১৩ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে চার জন ও মহেশপুর উপজেলা দুই জনের মৃত্যু হয়েছে।’

ডা. সেলিনা আরও বলেন, ‘আজ পাওয়ার প্রতিবেদন অনুযায়ী ২৪ ঘণ্টায় ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা চার হাজার ৭০৪ জনে দাঁড়াল।’

বর্তমানে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ১১৯ জন।