ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩০.৪১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে জেলায় ২৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩০ দশমিক ৪১ শতাংশ।

আজ সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ২৬৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত পাঁচ হাজার ৭৫০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি। আর নতুন ছয় জনসহ জেলায় এ পর্যন্ত ১৪১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আরও জানান, জেলা সদর হাসপাতালের ১০০টি বেডের বিপরীতে বর্তমানে ১৪৭ জন করোনা রোগী ভর্তি আছেন।

এদিকে, ঝিনাইদহে লকডাউনের ১২তম দিনে আজ হাট-বাজারে মানুষের উপচে পড়া ভিড়, সড়ক-মহাসড়কে মানুষের উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই বাজারে কেনা-বেচা করছেন অসংখ্য ক্রেতা-বিক্রেতা। স্বাস্থ্যবিধি না মেনে এমনকি মাস্ক পরতে দেখা যায়নি অনেককে।