করোনাভাইরাস

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ ৬ জনের মৃত্যু

আরও ১০ চিকিৎসক ও ৩৮ নার্স আক্রান্ত
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মাজেদ আলী মিয়া (৫৮) নামে এক চিকিৎসকসহ ছয় জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দীন এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘ডা. মাজেদ আলী মিয়া মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হলে কয়েকদিন আগেই ডা. মাজেদ ও তার স্ত্রীকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন থেকেই অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কম থাকায় তাদেরকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ডা. মাজেদ শেষনিশ্বাস ত্যাগ করেন।’

সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দীন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ দশমিক ৪৭ শতাংশ। ১৮৬ জনের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ১০ চিকিৎসক ও ৩৮ নার্স রয়েছেন।

তিনি আরও জানান, এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০ হাজার ৫১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৫৬ জন।