করোনাভাইরাস

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এছাড়া, একই সময়ে জেলায় ৫৮১টি নমুনা পরীক্ষা করে আরও ২২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সংক্রমণের হার ৩৯ শতাংশ।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন এসব তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বর্তমানে আক্রান্তদের বেশিরভাগই গ্রামের। তবে, তারা এখনও পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পারছেন না। তারা সামাজিক দূরত্ব
বজায় রাখছেন না, অনেকেই মাস্কটা পর্যন্ত ব্যবহার করছেন না।'

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান জানান, হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ৫০ জন ও করোনার উপসর্গ নিয়ে ৭৮ জন রোগী চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, সীমিত চিকিৎসক ও কর্মী দিয়ে করোনা রোগী এবং সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছেন।