তাজউদ্দীন মেডিকেলে ৫ দিন ধরে বন্ধ করোনা পরীক্ষা
যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত পাঁচ দিন ধরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ আছে। নমুনা পরীক্ষার নতুন যন্ত্র সরবরাহ করা না হলে এ পরীক্ষা শুরু করা যাবে না।
আজ শুক্রবার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস কে সাইফুল আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি বলেন, 'ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে ল্যাবের যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে গেছে। তারা যন্ত্রটি পুনঃস্থাপনের পরামর্শ দিয়েছেন। মেরামতের কোনো সুযোগ নেই বলে তারা জানিয়েছেন।'
তিনি জানান, ইতোমধ্যে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালককে জানানো হয়েছে। যন্ত্র সরবরাহের প্রক্রিয়া চলছে।
মেডিকেল কলেজ সূত্র জানায়, গত ২৮ জুন থেকে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ আছে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা সংগ্রহ করা হয়। তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা না হলেও, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
প্রয়োজনে নমুনা ঢাকার আইপিএইচ ল্যাব এবং সাভারের বায়োটেকনোলজি ল্যাবেও পাঠানো হয় বলে জানান তিনি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ৩৪৯টি নমুনার মধ্যে ২৭৮টি পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৩ জনের।