দিনাজপুরে করোনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে করোনা আক্রান্ত হয়ে সুদিপ্ত দেবনাথ সবুজ (২৭) নামে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলার সুজালপুর ইউনিয়নের মানকিরা গ্রামের বাসিন্দা সুদিপ্ত দেবনাথ সবুজ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৬ জুলাই সুদিপ্ত দেবনাথ সবুজের করোনা শনাক্ত হয়। তখন তাকে চিকিৎসাপত্র দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়।
গত ২৩ জুলাই তার শ্বাসকষ্ট শুরু হলে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডা. আফরোজ সুলতানা জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ২৪ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান আজ ভোর ৪টায় তিনি মারা যান।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মহসীন দ্য ডেইলি স্টারকে জানান, সুদিপ্ত দেবনাথ অক্সফোর্ডের দুই ডোজ টিকা নিয়েছিলেন।