নারায়ণগঞ্জে একদিনে রেকর্ড শনাক্ত ৩১৬, হার ৪৩.৫৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনায় দুই নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস জানানো, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৮৫ জনের নমুনায় পরীক্ষা ৩১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হার ৪৩.৫৮ শতাংশ। এ সময় করোনায় মারা গেছেন দুই নারী। সুস্থ হয়েছেন ১১২ জন।

জেলায় এ পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৬১৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ হাজার ৫১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ২২৪ জন। এখনো আইসোলেশনে চিকিৎসাধীন ৩ হাজার ৫১জন। সবচেয়ে বেশি আক্রান্ত সিটি করপোরেশন এলাকায়। যেখানে আক্রান্ত ৮৯১ জন, আড়াইহাজার উপজেলায় ১৮৭, বন্দর উপজেলায় ৫৫৪, রূপগঞ্জ উপজেলায় ৪৯২, সদর উপজেলায় ৬৩৬ ও সোনারগাঁও উপজেলায় ২৯১ জন।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন নারী মারা গেছেন। তাদের একজন সোনারগাঁও উপজেলার বয়স ৩০ ও অন্যজন রূপগঞ্জ উপজেলার বয়স ৫২।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। লকডাউন শিথিল হওয়ার কারণে বাড়ছে এটাও একটা কারণ। তবে এ সংক্রমণ বেড়ে একটা পর্যায়ে যাবে। বিশেষ করো আরও এক সপ্তাহ বেড়ে চূড়ায় যাবে। তারপরই সংক্রমণ কমবে। আমরা যদি ঈদের পর থেকে ঠিকভাবে লকডাউন করতে পারি তাহলে হয়তো সংক্রমণ কমবে।’