নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩.৯৫ শতাংশ, মৃত্যু ১
নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণে আবারো সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এটি চলতি বছরের কয়েক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২২ জনে। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।
এর মধ্যে সদর উপজেলায় মারা যান ২৯ জন, সুবর্ণচরে চার জন, বেগমগঞ্জ ৫৬ জন, সোনাইমুড়ীতে আট জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে চার জন এবং কবিরহাটে ২১ জন। মৃত্যুর হার এক দশমিক ২৪ শতাংশ।
আজ সোমবার সকালে জেলা সিভিল কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন, সুবর্ণচরে সাত জন, বেগমগঞ্জে ৪৩ জন, সোনাইমুড়ীতে সাত জন, সেনবাগে সাত জন, কোম্পানীগঞ্জে ৩৭ জন এবং কবিরহাটে ২৭ জন।
তিনি আরও জানান, সুস্থ হয়েছেন মোট সাত হাজার ৯৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৬৫ শতাংশ।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৯৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৬৪ জন ও আইসোলেশনে আছেন আট জন।