নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা নোয়াখালী

দেশের দুই জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও নয় মারা গেছেন। এরমধ্যে নোয়াখালীতে পাঁচ জন এবং লক্ষ্মীপুরে চার জন।

আমাদের নোয়াখালী সংবাদদাতা জানিয়েছেন, নোয়াখালী করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহিদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী হাসপাতাল) ও লক্ষ্মীপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

একই সময় নোয়াখালী জেলায় ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২.৯৫ শতাংশ। লক্ষীপুরে ৬৮২ জনের নমুনা পরীক্ষা করে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় ও করোনা হাসপাতাল এবং লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নোয়াখালী করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নিরুপম দাস  বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন ছিলো। এছাড়াও হাসপাতালে ভর্তি আছেন একশ জন রোগী। তাদের বেশিরভাগের অবস্থা গুরুতর এবং তাদের অক্সিজেনের মাত্রা কমে আসছে।'

শুক্রবার দুপুরে তিনি জানান, ১৪ জন চিকিৎসক ও ১৬ জন নার্স রোগীর চিকিৎসায় কাজ করছেন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আবদুল গাফফার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় পিসিআর ও এন্টিজেনে ৬৮২ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২.৫৫ শতাংশ। একইসময়ে মারা গেছেন চার জন। এ নিয়ে জেলায় মোট মারা গেলেন ৭৫ জন।'