নোয়াখালী করোনা হাসপাতালে একদিনে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৩১.৪৪ শতাংশ
নোয়াখালী করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। তাদের চার জন করোনা পজিটিভ ছিলেন এবং একজনের উপসর্গ ছিল। একই সময় জেলায় ৭২৫ জনের নমুনা পরীক্ষায় আরও ২২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৪৪ শতাংশ।
আজ বৃহস্পতিবার নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় ও কোভিড হাসপাতালে সূত্রে এসব তথ্য জানা গেছে।
নোয়াখালী করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ডা. নিরুপম দাস দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন ছিল। এছাড়া ও হাসপাতালে ভর্তি আছেন ১১৪ জন রোগী। এদের বেশিরভাগের অবস্থা গুরুতর। তাদের অক্সিজেনের মাত্রা নিচে নেমে আসছে।
নোয়াখালী সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর ৩টি পরীক্ষা কেন্দ্রে ৭২৫ জনের নমুনা পরীক্ষায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৪৪ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার তিনশ ৩১জন। মোট আক্রান্তের হার ১৩.৭০ শতাংশ।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন মারা গেছেন। এদের মধ্যে ৪ জন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৮২ জন।'