পাবনা জেনারেল হাসপাতাল: করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই করোনার উপসর্গ নিয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

আজ বৃহস্পতিবার পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, এ তিন জনকে নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত ২৩ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে নয় জনই মারা গেছেন গত এক সপ্তাহে।

হাসপাতালটির ১০০ শয্যার করোনা ইউনিটে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯৬ জন চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, গত এক সপ্তাহে হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

সর্বশেষ মারা যাওয়া তিন জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনায় তাদের বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তিনি।