পাবনা মানসিক হাসপাতালের ১২ রোগী, ৩ চিকিৎসক ও ৭ নার্স করোনায় আক্রান্ত

আক্রান্ত ১২ রোগীকে পাঠানো হলো বাড়িতে
নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনা মানসিক হাসপাতালের ১২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি তিন চিকিৎসক ও সাত জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মাসের শুরুর দিকে বেশ কয়েকজন ভর্তি রোগীর করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছিল। পরবর্তীতে বাকি রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত ১২ জনকে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকলে নতুন কোনো রোগীকে ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছেন ডা. মাসুদ রানা।

উপসর্গ দেখা দেওয়া গত ১৩ জুলাই নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে ১২ জোনের কোভিড-১৯ পজিটিভ আসে। রোগীর পাশাপাশি হাসপাতালের তিন জন চিকিৎসক ও সাত জন নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন, বলেন তিনি।