প্রসূতি মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে সরকারকে আইনি নোটিশ

স্টার অনলাইন রিপোর্ট

প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে তাদের করোনা টিকা দিতে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন আজ বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ আইনি নোটিশ দিয়েছে।

নোটিশে স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআর এর পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নোটিশে সংস্থাটি জানায়, নোটিশ গ্রহণকারীরা যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রসূতি মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তবে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানায়, প্রতি বছর দেশের প্রায় ৩৫ লাখ নারী অন্তঃসত্ত্বা হন। তবে, করোনা সংক্রমণে হাজার হাজার প্রসূতি মারা যাচ্ছেন।

ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জানায়, তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হলে মা ও তাদের সন্তানদের মৃত্যু কমানো সম্ভব।

নোটিশে সংস্থাটি জানায়, টিকা নিতে রেজিস্ট্রেশনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনে প্রসূতি মায়েদের সুযোগ করে দেওয়ার সরকারের অন্যতম দায়িত্ব।

এর আগে, গত বছরের ৩১ মে বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রসূতি মায়েদের করোনাসহ সব রোগের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা অগ্রাধিকার ভিত্তিতে করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।