ফজল-এ-খোদার স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত
কবি, গীতিকার বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা করোনায় মারা যাওয়ার পর তার স্ত্রী মাহমুদা সুলতানা, বড় ছেলে ওয়াসিফ-এ-খোদা ও ওয়াসিফের স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফজল-এ-খোদার বড় ছেলে ওয়াসিফ-এ-খোদা আজ সোমবার দ্য ডেইলি স্টারকে জানান, তার মা ও স্ত্রী সোহরাওয়ার্দী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, 'আব্বা মারা যাবার পর মা আরও ভেঙ্গে পড়েছেন। বর্তমানে তিনি আমার কাজিন ড. কামরুল হাসান রঞ্জুর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আমি বাসা থেকে চিকিৎসা নিচ্ছি।'
বিপুল জনপ্রিয় ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকবি ফজল-এ খোদা গতকাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থানে ছিল।