ফরিদপুরে একদিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৮.৪০ শতাংশ
ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক ৪০। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও সন্দেহে মারা গেছেন ছয় জন।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক ৪০। নতুন ১৯৬ জন নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের হয়েছে মোট ১৬ হাজার চার জনের।
ফরিদপুরে নতুন করে করোনা শনাক্ত ১৯৬ জনের মধ্যে আছেন আলফাডাঙ্গায় ১০ জন, ভাঙ্গায় ২৯ জন, বোয়ালমারীতে নয় জন, নগরকান্দায় আট জন, মধুখালীতে ২৮ জন, সদরপুরে চার জন, চরভদ্রাসনে ২৩ জন, সালথায় একজন এবং ফরিদপুর সদরে ৮৩ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে মোট ছয় জন মারা গেছেন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে তিন জন এবং করোনা সন্দেহে তিন জন মারা গেছেন। তাদের মধ্যে ফরিদপুরের আছেন চার জন। এদের দুজন করোনা পজিটিভ এবং দুজন সন্দেহজনক রোগী ছিলেন।
করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদরের পূর্বডাঙ্গী গ্রামের সমীম ইসলাম (৬২) এবং সদরের বাকপুরা এলাকার মো. রেজাউল (৭০)।
করোনা সন্দেহে মৃত্যু হওয়া অপর দুজন হলেন, সদরের কুলসুম বেগম (৫৫) এবং বোয়ালমারীর কালীনগরের মনোয়ারা বেগম (৬০)।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ‘করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী আছেন ৩৪৫ জন। এ পর্যন্ত এ হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৩১৫ জন।’