ফরিদপুরে করোনা শনাক্তের হার ৪৮.৬৭ শতাংশ, মৃত্যু ৯

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নয় জনের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকি ছয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত ২২৬ জনের মৃত্যু হলো। আক্রান্ত তিন জনের মধ্যে একজনের বাড়ি ফরিদপুরে। বাকি দুই জন মাগুরা ও রাজবাড়ীর বাসিন্দা।’

একই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৬৭ শতাংশ। 

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফরিদপুরে ১৩ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সাইফুর রহমান আরও বলেন, ‘ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন পর্যন্ত ২২৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ১৫৪ জন। বাকিদের উপসর্গ রয়েছে।’