ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্তের হার ৪৩.৫৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। ৪৪ জন রোগী সুস্থ হয়েছেন। আজ সকাল ৬টা পর্যন্ত হাসপাতালে ৩৯০ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ২৮৯ জন ও ১০১ জনের উপসর্গ রয়েছে।

ফরিদপুর সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা তানসিভ জুবায়ের ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৪১টি নমুনা পরীক্ষায় ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৫৪ শতাংশ। নতুন শনাক্ত ১৯২ জনসহ মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, নতুন করে শনাক্ত ১৯২ জনের মধ্যে দুই জনের বাড়ি আলফাডাঙ্গা উপজেলায়, ভাঙ্গা উপজেলায় নয় জনের বাড়ি, নগরকান্দার পাঁচ জন, মধুখালীর ২২, সদরপুরের ৩০, বোয়ালমারীর পাঁচ জন, চরভদ্রাসনের তিন জন, সালথার দুই জন ও ১১৪ জনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।