ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্তের হার ৪৭.১৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শনিবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৩৭৫ জন ভর্তি ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ২৬৭ জন, বাকিদের উপসর্গ রয়েছে।

ফরিদপুরের জেলা সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৫৬ জনের পরীক্ষা করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। ফরিদপুরে নতুন শনাক্ত ১৬৮ জনের মধ্যে ভাঙ্গা উপজেলার ১৫ জন, বোয়ালমারীর তিন জন, নগরকান্দার ১০, মধুখালীর দুই জন, সদরপুরের দুই জন, চরভদ্রাসনের চার জন, সালথার দুই জন ও ১৩০ জনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।