ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্তের হার ৩৮.৯৭ শতাংশ
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জনের করোনা শনাক্ত হয়েছিল ও বাকি ১০ জনের করোনার উপসর্গ ছিল।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৩৮ দশমিক ৯৭ শতাংশ।
আরটি-পিসিআর ল্যাবে মোট ৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে ১৬১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ৯৫ জনকে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত হওয়া ১৬১ জনের মধ্যে আছেন আলফাডাঙ্গার আট জন, ভাঙ্গায় সাত জন, বোয়ালমারীতে নয় জন, চরভদ্রাসনে ২৯ জন, ফরিদপুর সদরের ৭২ জন, মধুখালীতে ২২ জন, নগরকান্দায় ছয় জন ও সদরপুরে আট জন।
তবে বিভিন্ন উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে উপজেলা পর্যায়ে সেই তালিকার তথ্য পাওয়া সম্ভব হয়নি।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্র জানায়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত জনের মধ্যে তিন জন ফরিদপুরের, তিন জন রাজবাড়ীর ও একজন মাগুরার।
ফরিদপুরে করোনায় মারা যাওয়া তিন জন হলেন-সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৭৫), আলফাডাঙ্গা উপজেলার রাবেয়া (৫০) ও মধুখালী উপজেলার গোলাম মোস্তফা (৭০)। এছাড়া রাজবাড়ীর চার জন হলেন-বালিয়াকান্দির ওহিদুল ইসলাম (৪৫), পাংশার আক্তার প্রামাণিক (৭০) ও কালী কুমার গোসাই (৭০)। এছাড়া আছেন, মাগুরার মোহাম্মদপুর উপজেলার নান্নু শেখ (৪৫)।
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইল স্টারকে বলেন, 'বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭০ জন। এছাড়া ফরিদপুরে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩৬৯ জন।'