ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৪৫.৮১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৩০৫ জন ভর্তি ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ২৩৬ জন। ৬৮ জনের উপসর্গ রয়েছে এবং একজন সুস্থ হয়েছেন।

ফরিদপুর সেভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষায় মোট ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৪ জন ফরিদপুরের বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৫ দশমিক ৮১ শতাংশ।

ফরিদপুরের ১৬৪ জনের মধ্যে আলফাডাঙ্গা উপজেলার চার জন, ভাঙ্গা উপজেলার ৩৪ জন, বোয়ালমারীর আট নগরকান্দার সাত, মধুখালীর নয়, সদরপুরের ২৪, চরভদ্রাসনের তিন, সালথা উপজেলার নয় জন ও ৬৬ জন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।