ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৯.৩৫ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। এছাড়া এই সময়ে জেলায় নতুন করে আরও ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৫ শতাংশ।

আজ বুধবার ফরিদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আট জন ও করোনার উপসর্গ নিয়ে ছয় জনসহ মোট ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ফরিদপুরের সাত জন, রাজবাড়ী ও মাদারীপুরের দুই জন করে এবং শরীয়তপুর, গোপালগঞ্জ ও নড়াইলের একজন করে আছেন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের মাধ্যমে ৪৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত ফরিদপুরে ১৮ হাজার ৩০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।'

এছাড়া ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, 'বর্তমানে ৩৩৮ জন রোগী করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন।'