ফেনীতে ২৪ ঘণ্টায় করোনায় ২ ও উপসর্গে ৭ মৃত্যু, শনাক্ত ২৩.৬১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। তাদের দু'জন করোনা পজেটিভ ছিলেন। বাকিদের করোনার উপসর্গ ছিল।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছেন ৫ জন এবং ফেনী ডায়াবেটিক হাসপাতালে মারা গেছেন ৪ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৬১ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় একজন সিভিল সার্জনসহ মারা গেছে ৯৭ জন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, গত ২৪ ঘণ্টায় দু'জন কোভিড পজেটিভসহ ৫ জন রোগী মারা গেছেন। হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে রোগী ভর্তি আছেন ১০১ জন। তার মধ্যে কোভিড পজেটিভ ৩৯ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। ৯৭ জনকে অক্সিজেন সেবা দিতে হচ্ছে।

ফেনী ডায়াবেটিক হাসপাতালের সহকারী পরিচালক মো. ইউনুছ জানান, ডায়াবেটিক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৫২১ জনের।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ও রেপিড টেস্টে  ৫৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্তের হার ২৩.৬১ শতাংশ।