ফেনীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫৪.৫৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৫৪ দশমিক ৫৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

গতকাল সোমবার ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৫৪ দশমিক ৮৭ শতাংশ। এর আগে গত রোববার ২১৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৪৪ দশমিক ৭৪ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফেনীর সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব ও ফেনীর যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রের জিন এক্সপার্ট যন্ত্রে নমুনা পরীক্ষার ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।

এছাড়া, জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই বৃদ্ধা মারা গেছেন। তারা হলেন-ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামের ছালেহা
বেগম (৭৪) ফুলগাজীর বিজয়পুর গ্রামের মায়া আক্তার (৭৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত মোট ২৫ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করে চার হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৯ শতাংশ।

তাদের মধ্যে তিন হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন এবং মোট ৭৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।