ফেনীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫২ জন আক্রান্ত, শনাক্তের হার ৩৯.০৭ শতাংশ
ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৯ দশমিক ০৭ শতাংশ। অপরদিকে এ সময়ে করোনা উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছেন ৬ জন।
ফেনী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৫২ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্য ৫৩৫৩ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪১৭২ জন। মারা গেছেন ৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৭২ জন, দাগনভূঁঞায় ২২ জন, সোনাগাজীতে ১০ জন, ছাগলনাইয়ায় ২৫ জন, পরশুরামে ১৬ জন ও ফুলগাজী উপজেলায় ৭ জন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় করোনা ডেডিগেটেড ৩০ শয্যার বিপরীতে গতকাল রোববার রোগী ভর্তি ছিল ১৪১ জন। এদের মধ্যে ১০ জন আইসিইউতে।
তিনি হাসপাতালে কোভিড ডেডিকেটেড ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানোর জন্য অধিদপ্তরে লিখিতভাবে চিঠি দিয়ে আবেদন করেছেন। তিনি জানান, বর্তমান শয্যা সংখ্যার প্রায় ৫ গুণ রোগী আছে। ১১৮ জন রোগীকে অক্সিজেন সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমসিম খাচ্ছে। তিনি ফেনীতে নব নির্মিত লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক দ্রুততম সময়ের মধ্যে উদ্বোধন করে রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সেবা দেওয়ার আহ্বান জানান।
বর্তমানে হাসপাতালে কোভিড-১৯ পজেটিভ ভর্তি আছে ৮৮ জন। তার মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৪৪ জন, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে একজন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯৮২ জন।