বগুড়ার ৩ হাসপাতালে এক দিনে মৃত্যু ২১, শনাক্তের হার ২২.১৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা গেছেন। একই সময়ে ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত তিন জন ও উপসর্গ নিয়ে নয় জন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৫০ শয্যার করোনা ইউনিটে ২৫৭ জন ভর্তি আছেন।

২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুই জন ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় ডেইলি স্টারকে বলেন, হাসপাতালটিতে বর্তমানে ২৭৯ জন রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুই জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। হাসপালের মুখপাত্র আব্দুর রাহিম রুবেল ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৭৩ জন।