বগুড়ার ৩ হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩২.১২ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। নতুন এক হাজার ১৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরও ৩২৭ জন। দৈনিক শনাক্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ।

এই এক হাজার ১৮টি নমুনার মধ্যে ঢাকায় পরীক্ষা করা হয় ৫৪৪টি, যার মধ্যে শনাক্ত হয়েছেন ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পজিটিভ হয়ে মারা গেছেন চার জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন। এখানে ২৫০ বেড করোনা ইউনিটে ভর্তি আছেন ২৩৯ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ।

২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন। এখানে বর্তমানে ২৮৪ জন রোগী ভর্তি আছেন। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ড. এটিএম নুরুজ্জামান সঞ্চয় দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

এ ছাড়া, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন একজন। এখানে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ৯৯ জন। এ মুহূর্তে বগুড়ায় পজিটিভ রোগীর সংখ্যা এক হাজার ৯২৭ জন। তিন হাসপাতালে মোট ৬১৬ জন ভর্তি আছেন বলে জানিয়েছে বগুড়া সিভিল সার্জন অফিস।