বগুড়ার ৩ হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫.৩০ শতাংশ
বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মোট ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা উপসর্গে মারা গেছেন আট জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন।
এই ১৫ জনের বাইরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে বগুড়া জেলার বাইরের করোনার রোগী মারা গেছেন আরও দুজন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিনটি হাসপাতালে বগুড়া জেলা এবং বাইরের জেলার করোনা পজিটিভ রোগী মারা গেছেন মোট নয় জন এবং উপসর্গে মারা গেছেন আরও আট জন।
একই সময়ে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৩০ শতাংশ।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্ভিস অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা পজিটিভ রোগী মারা গেছেন চার জন (বাইরের জেলার দুজন) এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ১২৮ জন। এই তিনটি হাসপাতালে ৫১৮ জন ভর্তি আছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।