বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্তের হার ৩৪.৭১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন ৫৫৩টি নমুনা পরীক্ষায় ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ।

আজ বুধবার দুপুরে বগুড়া সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা ও উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সাত জন, ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে উপসর্গ নিয়ে ছয় জন ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত চার জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। ২৫০ বেডের করোনা ইউনিটে ভর্তি আছেন ২৭১ জন।

২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় ডেইলি স্টারকে জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জন মারা গেছেন। হাসপাতালটিতে বর্তমানে ২৬৪ জন রোগী ভর্তি আছেন।

বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র আব্দুর রাহিম রুবেল বলেন, গত ২৪ ঘণ্টায় এখানে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০৯ জন।

সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ১৪২ জন। এই মুহূর্তে বগুড়ায় শনাক্ত রোগী এক হাজার ৯৩৮ জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৬৩৬ জন।