বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, করোনা শনাক্তের হার ৩৭.৫৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। একই সময়ে ৪৮৭টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় দৈনিক শনাক্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ।

আজ রোববার দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঁচ জন, ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১০ জন ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

শজিমেক হাসপাতালটির উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত তিন জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। করোনা রোগীর চিকিৎসায় ২০০টি বেড বরাদ্দ ছিল। গতকাল আরও ৫০টি বেড বাড়ানো হয়েছে।

২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিন জন এবং উপসর্গ নিয়ে আরও সাত জন মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় ডেইলি স্টারকে বলেন, বর্তমানে হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ২৭৬ জন রোগী ভর্তি আছেন।

বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ১০০ শয্যার করোনা ইউনিটে  ৯৭ জন রোগী ভর্তি আছেন।

জেলা সিভিল সার্জনের গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ৮৫ জন। আজ পর্যন্ত বগুড়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৭০৭ জন।