বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ভারত থেকে আসা ২০০ মে. টন অক্সিজেন

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে করোনা মোকাবিলায় ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন।

'অক্সিজেন এক্সপ্রেস'র ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে সড়কপথে ঢাকায় নেওয়া শুরু হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে প্রয়োজন অনুসারে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।

oxyzen.jpg
ঢাকায় আনতে ‘অক্সিজেন এক্সপ্রেস’ থেকে ট্যাংকলরিতে আনলোড করা হচ্ছে অক্সিজেন। ছবি: সংগৃহীত

পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন গতকাল রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে পৌঁছায়। সেখানে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনার নিয়ে অক্সিজেন এক্সপ্রেস আজ সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।'

তিনি আরও বলেন, 'এই স্টেশন থেকে সড়ক পথে ঢাকায় নেওয়া হবে তরল মেডিকেল অক্সিজেন।'

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে তরল মেডিকেল অক্সিজেন পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে বুঝে নেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা  (সেলস) নুরর রহমান প্রমুখ। এরপর অক্সিজেন বহনকারী গাড়িতে আনলোডিং কার্যক্রম শুরু হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারত থেকে আসা অক্সিজেন বুঝে নেওয়ার পর ইতোমধ্যে ট্যাংকলরিতে আনলোড করে ঢাকায় সেন্ট্রাল ডিপোতে পাঠানো হচ্ছে। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় চাহিদা ও প্রয়োজন অনুসারে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।'