বরিশাল বিভাগে একদিনে আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ৪৫.৪৫ শতাংশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখল বরিশাল বিভাগ। করোনায় বরিশাল বিভাগে তিন জন মারা গেলেও উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন ১৯ জন। এ নিয়ে করোনা ও উপসর্গে মোট ২২ জনের মৃত্যু হলো।
হাসপাতালের সহকারী পরিচালক ও করোনা আইসোলেশন ইউনিটের ইনচার্জ ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, ‘শেষ পর্যায়ে রোগীরা আসছেন, এমনকি তারা টেস্টও করাচ্ছেন না। এর ফলে করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা বাড়ছে।’
বরিশাল বিভাগে এক হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৫৭৫ জন। আক্রান্তের হার ৪৫ দশমিক ৪৫ শতাংশ।
করোনায় এই নিয়ে বিভাগে মোট ৩৫২ জন মারা গেছেন। মোট আক্রান্ত ২২ হাজার ৬৮৪ জন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ৩০৭ জন।
এখানে করোনা উপসর্গে মারা গেছেন মোট ১৯ জন। ১৮৮টি নমুনা পরীক্ষায় ১২১ জন পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ৬৪ দশমিক ৩৬ শতাংশ।