বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪ ও উপসর্গে ১০ মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচশ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪ জন। এরমধ্যে চার জন করোনা পজিটিভি ছিলেন এবং অন্য দশ জনের করোনার উপসর্গ ছিল।

আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেছেন, ১২৯৯ জনের নমুনা পরীক্ষায় পাঁচশ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৪৯ শতাংশ। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২৪৫৯৬ জন। বিভাগে গত চব্বিশ ঘণ্টায় করোনায় মারা গেছেন চার জন। এছাড়া, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দশ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেসন ইউনিটের ইনচার্জ ডা. মনিরুজ্জামান শাহীন জানান, হাসপাতালে দশ জন করোনা উপসর্গে ও দুই জন করোনায় মারা গেছেন। এনিয়ে মোট ৮৭৪ জন করোনা ও উপসর্গে মারা গেছেন। এর মধ্যে করোনায় মারা গেছেন ২৩৫ জন।