বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪ শনাক্ত ৩৪.৬৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ২২৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭৭৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬৭ শতাংশ।

আজ বুধবার সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ডেইলি স্টারকে বলেন, 'এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৯৯ জনে দাঁড়িয়েছে।'

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজামান শাহীন ডেইলি স্টারকে বলেন, 'শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এক হাজার ১৪৬ জন ও করোনায় ৩৩২ জনের মৃত্যু হয়েছে।'

হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন।