বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৮, শনাক্ত ৩২.৩৬ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, একই সময়ে এক হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করে ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৩৬ শতাংশ।

ডা. বাসুদেব বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুই জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। এ ছাড়া, বিভাগের অন্যান্য জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে।