বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৭.১৬ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২১২টি নমুনা পরীক্ষায় ৮২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত ৩০ হাজার ৫৭৪ জনের করোনা শনাক্ত হলো।

আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঁচ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দুই জন, পিরোজপুরে চার জন, বরগুনায় দুই জন ও ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে বরিশাল জেলায় ২৯৩ জন, পটুয়াখালী জেলায় ১১৭ জন, ভোলায় ১২০ জন, পিরোজপুরে ১৩৫ জন, বরগুনায় ৮৮ জন ও ঝালকাঠি জেলায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঁচ জন ও আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট এক হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭৪৫ জন ও করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২২ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৫৭ জন চিকিৎসাধীন আছেন।