বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৯.৪০ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৩৭টি নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৪০ শতাংশ। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ নিয়ে বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হলো।
একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চার জন, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আট জন ও বিভাগের অন্যান্য জেলায় করোনায় চার জনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল দ্য ডেইলি স্টারকে জানান, বিভাগে করোনায় এ পর্যন্ত মোট ৪৬১ জন মারা গেছেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত মোট এক হাজার ৬৭ জন মারা গেছেন।
এর মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে ২৯৭ জন মারা গেছেন।
হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ৩২৩ জন চিকিৎসাধীন আছেন।