ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৬ শতাংশ
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ৩১০টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ছয় শতাংশ।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, কসবা উপজেলায় ২০ জন, আশুগঞ্জে সাত জন, বাঞ্ছারামপুরে পাঁচ জন, নবীনগর ও নাসিরনগরে চার জন করে, সরাইল, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় একজন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাব ও ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে করা ৩১০টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলায় অ্যান্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত চার হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিন হাজার ৮২৫ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত ৬৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
বর্তমানে জেলায় করোনা আক্রান্ত ৪৫০ জন রোগী আইসোলেশনে আছেন। সেলফ আইসোলেশনে আছেন ৪২৭ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন রোগী।