ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৬.২৭ শতাংশ
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে জেলায় মোট ৩৯২টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৬ দশমিক ২৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে শনাক্ত হওয়া ১০৩ জনের মধ্যে দুই জন সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরেছেন।
সিভিল সার্জন বলেন, ‘জামালপুর ও ঢাকার দুই বাসিন্দা সম্প্রতি ভারত থেকে ফেরার পর তাদের করোনা শনাক্ত হওয়ায়, তাদের ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।’
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একজন, সরাইলে একজন ও নবীনগরে একজন মারা গেছেন।
নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে কসবা উপজেলায় আছেন ৩১ জন, সদর উপজেলায় ২৬ জন, আশুগঞ্জে ১৭ জন, আখাউড়ায় আট জন, সরাইলে আট জন, বাঞ্ছারামপুরে ছয় জন, নবীনগরে ছয় জন ও বিজয়নগরে একজন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় অ্যান্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে চার হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে তিন হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন এবং ৬৯ জন মারা গেছেন।
বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫৫৭ জন রোগী আইসোলেশনে আছেন। সেলফ আইসোলেশনে আছেন ৫৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২০ জন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ‘ভারত থেকে ফেরা যাত্রীদের কোয়ারেন্টিন মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব যাত্রীদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও আখাউড়ার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।’
গতকাল বুধবার পর্যন্ত তিন শতাধিক যাত্রী কোয়ারেন্টিনে ছিলেন বলে তিনি জানান।