মমেক করোনা ইউনিটে আজ ১৪ জনের মৃত্যু, জেলায় শনাক্ত ২৭.৯৫ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন ও উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন।
আজ শুক্রবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে চার জনের বাড়ি ময়মনসিংহে ও দুই জনের বাড়ি নেত্রকোণায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জনের মধ্যে পাঁচ জন ময়মনসিংহের বাসিন্দা। শেরপুরের দুই জন ও একজনের বাড়ি টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট ভর্তি হয়েছেন ৩৮৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৯টি নমুনা পরীক্ষায় আরও ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯৫ শতাংশ।