মমেক করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২২.৪৮ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের কোহিনুর (৪০), অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশাল উপজেলার রিয়াদ (৬০) এবং টাঙ্গাইল মধুপুর উপজেলার আবু সাঈদ (৬০)।
এ ছাড়া, সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদরের সুরতজান (৪২), হেলাল উদ্দিন (৯২), আব্দুল জব্বার (৮০), গৌরীপুর উপজেলার রফিক (৫০), গফরগাঁও উপজেলার নিজাম উদ্দিন (৬৫), ফুলবাড়িয়া উপজেলার আব্দুল মজিদ (১০৫), নেত্রকোণা সদরের আবুল হোসেইন (৬৫), পূর্বধলা উপজেলার শামীম তালুকদার (৫০) ও শামসুল হক (৬৮) এবং শেরপুর নকলা উপজেলার এনামুল হক (৬৫)।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৮১ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২টি নমুনা পরীক্ষায় আরও ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭৮১ জন। সুস্থ হয়েছেন আট হাজার ৩৮৪ জন।